প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ‘একটা বারুদ’। জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বকে কটাক্ষ করে তিনি বলেছেন, নুরকে ক্ষেপানোর পরিণতি তাদের ভোগ করতে হবে। শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি বলেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার কণ্ঠ বলিষ্ঠ হয়ে ওঠে। তার দাবি, জামায়াত-শিবির ও এনসিপিতে নুরের মতো তেজস্বী রাজনৈতিক চরিত্র নেই।
নুরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, সরকারে যুক্ত হওয়ার পর নুরের কণ্ঠের তেজ কিছুটা কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার জামায়াত ও এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে করুণভাবে দিতে হবে।




