এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়ি ব্যবহার করে লংড্রাইভে গিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের বিষয়ে কথা বলতেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি ব্যবহারের ঘটনাকে তিনি প্রশ্নের মুখে ফেলেছেন।

তিনি জানতে চান, সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল কি না, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের যে অভিযোগ তিনি করেছেন, তার সঙ্গে এ গাড়ি ব্যবহারের কোনো সম্পর্ক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখারও দাবি জানান তিনি।রাশেদ খাঁন আরও দাবি করেন, শনিবারের লংমার্চে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য না থাকার বিষয়টিও প্রশ্ন তৈরি করেছে।

তার ভাষ্য, লংমার্চের প্রকৃত উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল।এ সময় তিনি লংমার্চে উস্কানিমূলক স্লোগান এবং লাঠিসোঁটা বহনের অভিযোগও তোলেন। তবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিতে সাড়া দেননি বলে দাবি করেন তিনি।

শেষে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ওঠা এসব অভিযোগের বিষয়ে এনসিপি দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।