চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ এবং লালদিঘী সমাবেশকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ—সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা।

সোমবার, ৩১ আগস্ট সিএমপি কমিশনারের কার্যালয়ে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে জামায়াত নেতারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ এবং লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।সাক্ষাৎকালে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষ থেকে কমিশনার হাসান মো. শওকত আলীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ কমিশনার—ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার—ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সল আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার—প্রশাসন ও অর্থ ওয়াহিদুল হক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিসি—দক্ষিণ হাবিবুর রহমান, ডিসি—সিএসবি মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি—উত্তর মো. হাসান মোস্তফা স্বপনও বৈঠকে অংশ নেন।পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা জানান, মতবিনিময়ের সময় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

লংমার্চ ও সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।