কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিএসএফের আটক করার ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মাদক উদ্ধারে পেশাগত দায়িত্ব পালনের সময় কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেনকে ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনাটিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের সার্বভৌমত্ব, পারস্পরিক অধিকার ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো জরুরি।
তার ভাষ্য, সীমান্তে দায়িত্ব পালনকারী বাহিনীগুলোর সতর্ক ও দায়িত্বশীল আচরণ দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বিএসএফের আচরণকে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে সরকারকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রতিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।