কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় যান কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন। এ সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মিয়া গোলাম পরওয়ার ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। দুই প্রতিবেশী দেশের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা রক্ষায় সীমান্তরক্ষী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তিনি ভারতীয় কর্তৃপক্ষকে ঘটনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ করেন।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ ঘটনায় কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়ে প্রতিকার দাবি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।