মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করে জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
উদ্বোধনী বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়াতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বাড়ানো প্রয়োজন।
তিনি জানান, প্রাণিসেবা মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের যুক্ত করার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসায় ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।
জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপনের বিষয়টি তুলে ধরে আফরোজা খানম বলেন, এখানে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। এর ফলে খামারিরা উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের আরও উন্নয়ন সম্ভব হবে। মানিকগঞ্জের প্রতিটি এলাকায় উদ্যোক্তা তৈরি করে এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে জেলাটিকে মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।