দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তার অভিযোগ, ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির প্রভাব পড়ছে বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে।
ভারতের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। দেশটির এই নীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশকেও মোকাবিলা করতে হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির ভূমিকা এবং ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রচারের ধরন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তাকে বাংলাদেশে ফিরতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে বিদেশে অবস্থান করায় তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রচলিত আইন অনুযায়ী দেশে ফিরতে চাইলে সেই প্রক্রিয়াতেই আসতে হবে।
এ প্রসঙ্গে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কখনো বিমানে দেশে ফেরার কথা বলা হচ্ছে, আবার কখনো সীমান্ত দিয়ে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন পার্থ। তার অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। বর্তমান সরকারের সময়ে দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের উন্নতি আওয়ামী লীগের ভালো লাগছে না।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে দেশে আতঙ্ক ও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে ভারতের গণমাধ্যমের সংবাদ প্রচারের সমালোচনা করে পার্থ বলেন, দেশের কোনো ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। তার দাবি, ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের ঘটনাগুলো ব্যবহার করছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক প্রচারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তার মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ঘিরে এ ধরনের প্রচার চালানো হচ্ছে।