নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশ বাহিনীর অভ্যন্তরেও শুরু হয়েছে নজরদারি। তথ্য পাচার ও সন্দেহজনক যোগাযোগের অভিযোগে একাধিক কর্মকর্তা নজরদারিতে, গ্রেপ্তার হয়েছেন দুজন এবং হেফাজতে নেওয়া হয়েছে আরও একজনকে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে সন্দেহজনক যোগাযোগ, তথ্য পাচার এবং নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কয়েকজন রয়েছেন গোয়েন্দা নজরদারিতে।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি কিছু পুলিশ সদস্যের নামও সামনে এসেছে। গুরুত্বপূর্ণ সরকারি ও অভ্যন্তরীণ তথ্য বাইরে সরবরাহের অভিযোগও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে বুধবার সাতটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পাঁচটি জেলা সীমান্তবর্তী। এর আগে ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। বিভিন্ন ইউনিটে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে পুলিশের একাধিক কর্মকর্তাকে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বাহিনীর অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করতেন।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে হেফাজতে নেওয়ার পর বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এসআরবি-১৪-তে কর্মরত ছিলেন।
এ ছাড়া খাগড়াছড়িতে কর্মরত পুলিশের ৩৩তম ব্যাচের আরেক অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে ঢাকায় আনার উদ্যোগ নেয় গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তাকে আনতে একটি দল খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। অন্যদিকে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রগুলো তাকে হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছে।
পুলিশের অভ্যন্তরীণ সূত্রের দাবি, সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি অতীতে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধের অভিযোগও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে। গত সপ্তাহে ৩১তম বিসিএসের একজন পুলিশ কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ফরেনসিক পরীক্ষার জন্য তার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ রাখা হয়েছে বলে জানা গেছে।
বাহিনীর অভ্যন্তরীণ নজরদারির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমদও প্রকাশ্যে জানিয়েছেন। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পর্যায়ে নেতৃত্বে পরিবর্তন
সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনে রদবদল করা হচ্ছে। বুধবার নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী জেলা।
এর আগে মঙ্গলবার পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। তাদের মধ্যে দুইজন উপমহাপরিদর্শক, চারজন অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং আটজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পুলিশ সদর দপ্তর এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার সরঞ্জাম প্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ডিসেম্বর পর্যন্ত বাড়তি সতর্কতা
নভেম্বরের প্রথম তিন সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। পুলিশের ধারণা, এসব ঘটনার পেছনে সংগঠিত চক্রের সম্পৃক্ততা থাকতে পারে।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে নতুন হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতারাও সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি সীমান্তবর্তী জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকা ও আরও সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, কোনো পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা কিংবা ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা, চাকরিবিধি অনুযায়ী শাস্তি এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।