তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বর্তমানে রাজপথে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক স্বার্থে একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পক্ষ কারখানা বন্ধ কিংবা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্ধ থাকা পোশাক কারখানাগুলো দ্রুত চালুর আশ্বাসও দেন তিনি। মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ হিসেবে ইতোমধ্যে বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক—দুই পক্ষই সন্তুষ্ট।
তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা সরকারের অন্যতম লক্ষ্য। শ্রমিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখতেও সরকার কাজ করছে।