জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বিস্তৃত করার সম্ভাবনা এবং সাম্প্রতিক সফরের অর্জন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপান সফরের বিভিন্ন কর্মসূচি ও দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি এবং সমঝোতার বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
সফরের আলোচনায় বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতে জাপানের বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
রাষ্ট্রপতি সফরের বিভিন্ন অর্জনের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন। তার প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। এ ছাড়া বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




