সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে এ বরাদ্দ চাওয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবকে  পাঠানো চিঠিতে বলা হয়,  বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত  এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ এবং বেসরকারি কলেজগুলোতে অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকাসহ সর্বোমোট প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত এই টাকা দেওয়া প্রয়োজন।

দেশের শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিসেবা উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করছে। এতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও তাদের পেশাদারত্বের মান বৃদ্ধি পাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
 
এদিকে চিঠির বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।