রান্নার গ্যাসের খরচ আরও বাড়ল। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্তে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন গুনতে হবে ২ হাজার ৬০ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে কমিশন। এতে আগের নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার তুলনায় প্রতি সিলিন্ডারে ২২৩ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, সোমবার রাত ৮টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ দর বহাল থাকবে।
এর আগে গত ২৯ অক্টোবর কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে আরও বেশি দাম।