বাংলাদেশে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। বাংলাদেশে আইন মেনে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করে দেশটি।
সম্প্রতি গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। অধ্যাপক ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার বিষয়টিও প্রশ্নে তুলে ধরে সংবাদমাধ্যমটি।
প্রাথমিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানোর সময় দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ৫০টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছিল। তবে মুখপাত্রের বক্তব্য আসার আগেই ক্ষতিগ্রস্ত শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়ায় গ্রামীণ ব্যাংক কিংবা অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়েও কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেয়নি ওয়াশিংটন।
দরিদ্র নারীদের আর্থিক সহায়তা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করেছে গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। চলতি বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হচ্ছে। একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার অর্জনের দুই দশকও পূর্ণ হয়েছে।
সূত্র: ডেইলি ওয়াদা




