দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাতটির সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে পদক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ আয়োজন করেছে। উদ্বোধন উপলক্ষে মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, অগ্রগতি এবং এ খাতের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ বিতরণ। আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি স্বর্ণ ও রৌপ্য পদক বিজয়ীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। গবাদিপশুর খামার ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও নিজের অনুভূতি প্রকাশ করেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রাণিসম্পদ ও খামারসংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।




