সচিবালয়ের ভেতরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অফিস চলাকালে সচিবালয়ে প্রবেশের পর থেকে অবস্থান শেষ হওয়া পর্যন্ত আইডি কার্ড দৃশ্যমান রাখার কথা বলা হয়েছে।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির মাধ্যমে অনুমতি পাওয়া দর্শনার্থীরাও যাতায়াত করেন। ফলে কে কর্মকর্তা-কর্মচারী আর কে দর্শনার্থী, তা সহজে শনাক্ত করা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি।
চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ে দাপ্তরিক কাজ করায় অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যেন সব সময় তাঁদের প্রবেশ কার্ড প্রদর্শন করেন, সে বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনায় নিরাপত্তা ও দর্শনার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণের স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেখানে সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের দপ্তরের সঙ্গে সভা কমিয়ে আনা, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা অনুযায়ী ওটিপি দেওয়া এবং সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি ছুটিতে থাকা কর্মকর্তাদের অনুপস্থিতির সময়ে তাঁদের নামে ওটিপি দেওয়া বন্ধ রাখার নির্দেশনাও ছিল।