ডেঙ্গুর সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন সাভারের স্থানীয় সাংবাদিক নাদিম হোসেন (৪০)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাদিম হোসেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, গত বুধবার (৪ নভেম্বর) পরীক্ষার পর নাদিমের ডেঙ্গু শনাক্ত হয়। ওই দিনই তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসা চললেও তার অবস্থার উন্নতি হয়নি। শুক্রবার সকালে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।




