দেশকে স্বনির্ভর, সমৃদ্ধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠবে।
পিরোজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতিকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে।
নিজ নির্বাচনী এলাকা নেছারাবাদ ও পিরোজপুর সদরে দিনভর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামো এবং কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।
পরে সকাল ১০টার দিকে নেছারাবাদে নির্মাণাধীন নাপিতখালী সেতুর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় প্রকল্পের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করতে প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য উন্নয়ন উদ্যোগের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তিনি।
দুপুরে উপজেলা প্রশাসনের রেস্ট হাউস ‘স্নিগ্ধায়ন’ উদ্বোধন করেন আহম্মদ সোহেল মনজুর। পরে বিকেলে স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
দিনের কর্মসূচিতে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।