জাতীয় দিবসগুলোতে সরকারি ছুটির সুযোগ থেকে সাংবাদিকদের বাদ না রাখার দাবি তুলেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির মতে, সংবাদমাধ্যমের কাজ অব্যাহত রাখার পাশাপাশি কর্মরত সাংবাদিকদেরও ছুটি ভোগের সুযোগ তৈরি করা প্রয়োজন।
এ বিষয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (নোয়াব) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ডিআরইউ। বিশেষ করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে এনেছে সংগঠনটি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, ছুটির দিনেও সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজ চালিয়ে যেতে হয় সাংবাদিকদের। ফলে অন্য পেশার মানুষের মতো তাঁদের অনেকেরই পরিবারকে সময় দেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর সুযোগ থাকে না।
তারা বলেন, সংবাদমাধ্যম পরিচালনার স্বার্থে সব সাংবাদিককে একসঙ্গে ছুটিতে পাঠানোর প্রয়োজন নেই। বরং পালাক্রমে কর্মীদের দায়িত্ব দিয়ে ছুটির ব্যবস্থা করলে সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখেই তাদের বিশ্রামের সুযোগ নিশ্চিত করা সম্ভব।
ডিআরইউর নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের নিয়মিত জাতীয় ছুটির সুবিধা থেকে বঞ্চিত রাখা উচিত নয়। তাদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং ন্যায্য অধিকার সুরক্ষায় সংবাদপত্র মালিকদের এগিয়ে আসা প্রয়োজন।
এ কারণে দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।