বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করেছে জাতীয় দৈনিক কালবেলা। বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পত্রিকাটির চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, অল্প সময়ের মধ্যেই কালবেলা দেশের মানুষের প্রিয় পত্রিকা হয়ে উঠেছে। দলমতের ঊর্ধ্বে উঠে অপ্রিয় সত্য তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে ভবিষ্যতেও পত্রিকাটি দেশের উন্নয়ন, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এম এ মজিদ বলেন, প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কালবেলা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি পত্রিকাটির আরও সাফল্য কামনা করেন। অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধানও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা দেশে-বিদেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে মন্তব্য করেন।
দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশ ও এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার তাপস, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান এবং সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।