অসহায় ও নিপীড়িত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সনাতন পার্টি গঠন করেছে ‘বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদ’। নতুন এ সংগঠনের আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তরুন লাল বেগীকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সফল দাশ।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট অজয় টিকাকর, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায় ও অ্যাডভোকেট আকাশ দাস।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী অনুপ কুমার সাহা। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। নবগঠিত পরিষদের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।