জার্মানিতে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী বিদেশি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে আবেদনের ভাষা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সাক্ষাৎকারের প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।জার্মানির অনেক প্রতিষ্ঠান চাকরির আবেদন জার্মান ভাষায় গ্রহণ করে। আবার কিছু কোম্পানি ইংরেজিতেও আবেদন নেওয়ার সুযোগ দেয়। তাই আবেদন পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাষাগত শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণত একটি চাকরির আবেদনে কভার লেটার, জীবনবৃত্তান্ত বা সিভি এবং কাজের অভিজ্ঞতা কিংবা সুপারিশের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।কভার লেটারে নির্দিষ্ট পদে কাজের আগ্রহ এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে হয়। অন্যদিকে সিভিতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতাগুলো পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।


জার্মানিতে সিভিতে ছবি ব্যবহার প্রচলিত হলেও এটি বাধ্যতামূলক নয়। কেউ ছবি যুক্ত করতে চাইলে পেশাদার মানের ছবি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।আবেদন যাচাইয়ের পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে। সাক্ষাৎকার সরাসরি উপস্থিত হয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও কল বা ফোনেও হতে পারে। ফলে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য বিদেশি প্রার্থীদের জার্মানিতে যাওয়া আবশ্যক নয়।চাকরিপ্রার্থীদের আবেদন পাঠানোর আগে প্রতিষ্ঠানের শর্ত ভালোভাবে যাচাই এবং প্রয়োজনীয় নথি সঠিকভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।