বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি শাখায় নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন শেষে নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
নাবিক পদের ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। রেগুলেটিং, রাইটার, স্টোর ও মিউজিশিয়ান এবং এমওডিসি (নৌ) শাখায় এসএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রয়োজন।
মেডিকেল শাখায় জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানে জিপিএ ৩.৫০ বা তার বেশি থাকতে হবে। কুক ও স্টুয়ার্ড শাখায় জিপিএ ২.৫০ এবং টোপাস পদে অন্তত অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে।
২০২৭ সালের ১ জানুয়ারি হিসেবে নাবিক পদের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর হতে হবে।
নির্বাচিতরা সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাসহ সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনকারীর বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন থাকা, আইন অনুযায়ী গ্রেপ্তার বা দণ্ডিত হওয়া, সরকারি বা সশস্ত্র বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকা কিংবা সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার মতো বিষয় থাকলে আবেদন করা যাবে না।
আবেদন করতে নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে Sailor Section/Apply Now অপশনে প্রবেশ করতে হবে। প্রাক্-যোগ্যতা যাচাই ও সংশ্লিষ্ট শাখার দায়িত্ব সম্পর্কে জেনে Sign Up/Sign In করতে হবে। এরপর ব্যাংক কার্ড বা বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেটসহ অনুমোদিত মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি পরিশোধ করে অনলাইন ফরম পূরণ করতে হবে।
ফরম জমা দেওয়ার পর ‘নাবিক-১’ ফরম ডাউনলোড ও প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আগামী ১৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—বানৌজা ঢাকা, খিলক্ষেত; বানৌজা তিতুমীর, খুলনা এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
প্রার্থীদের নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় সনদপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
**আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬।**




