বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদ ও গ্রেডভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে—ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর ১টি, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি) ১টি, প্রধান সহকারী ১টি, লাইব্রেরি সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী ১টি, রিপ্রোগ্রাফিক অপারেটর ১টি, ক্রাফট ইন্সট্রাক্টর ৪টি, অপারেটর মেকানিক ১টি এবং টেকনিশিয়ান গ্রেড-২ পদে ১টি।

এ ছাড়া নার্সিং অ্যাসিস্ট্যান্ট ১টি, এলডিএ কাম-কম্পিউটার অপারেটর ২টি, হিসাব সহকারী ১টি, সুপারভাইজার ১টি, ল্যাব অ্যাটেনডেন্ট ৬টি এবং সহকারী ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সহকারী রাজমিস্ত্রি, এমএলএসএস, অ্যাটেনডেন্ট, সিকিউরিটি গার্ড, বেলম্যান, ভেহিক্যাল হেলপার, মালী ও পরিচ্ছন্নতাকর্মী পদেও নিয়োগ দেওয়া হবে।

উচ্চ গ্রেডের পদগুলোর মধ্যে ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর ও মেডিক্যাল টেকনোলজিস্ট পদে বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। গ্রেড ১২-এর প্রধান সহকারী পদে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা এবং গ্রেড ১৩-এর বিভিন্ন পদে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতন রয়েছে।

গ্রেড ১৫-এর নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। গ্রেড ১৬-এর পদগুলোতে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং গ্রেড ১৭-এর পদে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা বেতন নির্ধারিত।

গ্রেড ১৯-এর পদগুলোতে বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। আর গ্রেড ২০-এর পদগুলোতে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে।

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর ও ল্যাব অ্যাটেনডেন্ট পদে বিভাগ বা অফিসভিত্তিক আবেদন করার শর্ত রয়েছে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের বিস্তারিত নিয়ম ও নির্দেশনা বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের আবেদন গাইডলাইনে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্যের জন্য [recruitment@regtr.buet.ac.bd](mailto:recruitment@regtr.buet.ac.bd) ঠিকানায় যোগাযোগ করা যাবে।