স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানী থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা অংশ নিয়েছেন।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া। গোলাপি রঙে সাজানো বিশেষ বাসে অংশগ্রহণকারীরা বিভিন্ন জনপদে পথসভা, সচেতনতামূলক আলোচনা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করবেন।
প্রথম দিনে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে শোভাযাত্রাটি বরিশালে পৌঁছানোর কথা রয়েছে। পথে নির্ধারিত বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম শেষে সেখানে রাতযাপন করবেন অংশগ্রহণকারীরা।
পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি জনপদে প্রচার চালানো হবে। স্থানীয় অংশীজনদের নিয়ে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরবে।
শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসায় ভালো ফল পাওয়ার সুযোগ বাড়ে। এ জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির সামাজিক সচেতনতা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্ব দেন। আয়োজকদের ভাষ্য, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচিতে সহযোগিতা করছে।




