দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ৪০৯ জন। এদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।
তবে এখনো দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা এবং মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব আরও বেড়েছে।




