দেশে হাম পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ১ হাজার ২২২ জন মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রামে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১১৮ জন।
সংক্রমণের দিক থেকেও নতুন রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।