দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে নতুন করে ১ হাজার ৪১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। বাকি ১ হাজার ৩২১ জনকে সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।