সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার এলাকার কলিকসার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল মতিন (৩৫) ও যাত্রী মো. আরিফ (৪০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে চলার সময় অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচ আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মতিন ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



