দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৭৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ১ হাজার ৫৩৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৫ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭২১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন ভর্তি হয়েছেন। সিলেটে এ সময়ে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকার এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, মারা যান ৪১৩ জন।