ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে অন্যত্র বদলি এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে।
আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরও বাড়বে। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মন্ত্রী পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।