ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চারটি পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তির সময়সীমা ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পুনঃভর্তিযোগ্য শিক্ষার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই পুনর্ভর্তি হতে পারবেন। ২৭ নভেম্বর থেকে এ কার্যক্রমে জরিমানা প্রযোজ্য হবে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত প্রক্রিয়ায় পুনর্ভর্তি সম্পন্ন করতে প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাড রেকর্ড’ অপশনের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবেদন অনুমোদনের জন্য পাঠাবেন। পরবর্তী সময়ে বোর্ডের পরিচালক (কারিকুলাম) আবেদন যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।
অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পুনর্ভর্তি ফি জমা দিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে সব ধাপ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময়সূচি ও নির্দেশনা অনুসরণ করে পুনর্ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।