বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ লক্ষ্য অর্জনে ভাষাদক্ষতা, কারিগরি জ্ঞান ও কার্যকর যোগাযোগের সমন্বিত বিকাশের ওপর জোর দিয়েছেন তিনি। শনিবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্পষ্টভাবে নিজের চিন্তা প্রকাশ এবং অন্যের কাছে তা কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষাকেন্দ্রিক না রেখে বাস্তব জীবনের প্রয়োজন ও দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে।
ববি হাজ্জাজ বলেন, চীনের অভিজ্ঞতা থেকে দেখা যায়, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা দেশের সক্ষমতা বাড়াতে সহায়ক। বাংলাদেশেও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা সম্প্রসারণের পাশাপাশি ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, কারিগরি জ্ঞান ও যোগাযোগদক্ষতার সঙ্গে ভাষাগত সক্ষমতা যুক্ত হলে তরুণদের কর্মসংস্থান, আন্তর্জাতিক যোগাযোগ এবং বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ বাড়বে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ ও বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।




