বিদেশে ভ্রমণ, কেনাকাটা ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে বাংলাদেশিদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশের ব্যাংকগুলো থেকে ইস্যু করা কার্ড ব্যবহার করে বিদেশে মোট ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ব্যয় হয়েছে ৫০৫ কোটি টাকা। ডেবিট কার্ডে খরচ হয়েছে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। আগস্টে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে দেশটিতে।
ব্যয়ের তালিকায় এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। এসব দেশে ক্রেডিট কার্ডে ব্যয়ের হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ। বিদেশে লেনদেনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও ব্যাংক কার্ডের ব্যবহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের মোট অর্থমূল্য প্রায় ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা।
চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়। এ সময়ে ব্যাংক কার্ডের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে ব্যাংক কার্ড ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে। বর্তমানে দেশে চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি ডেবিট কার্ড রয়েছে। ক্রেডিট কার্ডের সংখ্যা ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯ এবং প্রিপেইড কার্ডের সংখ্যা ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
তবে কার্ডের ব্যবহার সামগ্রিকভাবে বাড়লেও গত আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় আগের মাসের তুলনায় কমেছে। ওই মাসে এ ধরনের কার্ডে খরচ হয়েছে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। জুলাইয়ে ব্যয়ের পরিমাণ ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসে অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড ব্যয় কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ। আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল এক হাজার ৯৬৯ কোটি টাকা।
এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকরা। অন্যদিকে, বাংলাদেশে বিদেশি ব্যাংক কার্ডের ব্যবহারও বেড়েছে। আগস্টে বিদেশি নাগরিকেরা এ দেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন। জুলাইয়ের তুলনায় এই ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।