দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন প্রায় ৩০টি ব্যাংকের কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা আবার চালু হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সেবাগুলো স্বাভাবিক হয় বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানিয়েছে, তাদের নেটওয়ার্কের আওতাধীন সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে সচল রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে পারছেন।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর সিস্টেম মাইগ্রেশনের কারণে কিউ-ক্যাশ নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। এতে প্রায় ৩০টি ব্যাংকের এটিএম, পিওএস মেশিন, কার্ড এবং অন্যান্য লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সেবা বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের খুদে বার্তা দিয়ে জানিয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর সেবাগুলো পুনরায় চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা চালু হওয়ায় গ্রাহকদের ভোগান্তি কমেছে।




