বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মো. শামীম ইসলাম। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল ছুটিতে থাকায় গত ১১ অক্টোবর থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিটিএমএ। এতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করে শামীম ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সভাপতির অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভাপতির ছুটিতে যাওয়ার পরপরই নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সংগঠনের কার্যক্রম পরিচালনা শুরু করেন। বিটিএমএ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোও বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তবে ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।
শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন তিনি।
এদিকে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বর্তমানে কারাগারে রয়েছেন। রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দসংক্রান্ত দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল রোববার আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তিনি আপিলের শর্তে জামিন চাইলেও আদালত আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্যবসায়ী মহলে শওকত আজিজ রাসেল পরিচিত মুখ। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ শিল্প খাতের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বক্তব্য দিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও ছিল তার।