দোকানপাট পরিচালনার সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শীত মৌসুমে বেচাকেনার সম্ভাবনাকে কাজে লাগাতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, শপিংমল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখার অনুমতি চেয়েছে সংগঠনটি।
এ দাবিতে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠানো হয়েছে।
আবেদনে সংগঠনটি জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সন্ধ্যা ৬টা, ৭টা এবং সর্বশেষ রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সময়সীমা মেনে ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্রেতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠানে বিক্রি এতটাই কমেছে যে ব্যবসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। ঢাকার দুটি বড় মার্কেট ইতোমধ্যে বেচাকেনার অভাবে বন্ধ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সমিতির ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসায়ীদের আয় ও পরিচালন ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা যাচ্ছে না। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তারা দোকানভাড়া, কর্মীদের বেতনসহ নিয়মিত খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে অনেকের ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সংগঠনটি আবেদনে আরও উল্লেখ করেছে, দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হয়েছে। সামনে শীতকাল আসায় কেনাকাটার প্রবণতাও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ব্যবসার সময় এক ঘণ্টা বাড়ানো হলে প্রতিষ্ঠানগুলো বাড়তি বিক্রির সুযোগ পাবে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লোকসানের চাপ থেকে বের করে আনতে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।




