সর্বজনীন পেনশন স্কিমে বিনিয়োগ করা অর্থ থেকে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৯ কোটি টাকা মুনাফা পেয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। অর্জিত মুনাফার পরিমাণ ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা। স্কিম অনুযায়ী গ্রাহকেরা সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা পাচ্ছেন।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের মধ্যে মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে তা সংশ্লিষ্ট গ্রাহকদের নিজ নিজ পেনশন বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক গ্রাহকের জমাকৃত অর্থের পরিমাণ এবং কত দিন অর্থ জমা ছিল, তা বিবেচনায় নিয়ে আইন ও বিধিমালা অনুযায়ী মুনাফা হিসাব করা হয়েছে। মুনাফার অর্থ ইতোমধ্যে গ্রাহকদের হিসাবে যোগ হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, গ্রাহকদের জমাকৃত অর্থের নিরাপত্তা, যৌক্তিক মুনাফা এবং পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে কর্তৃপক্ষ কাজ করছে। মুনাফা বণ্টনের মাধ্যমে গ্রাহকেরা সরাসরি লাভবান হবেন এবং পেনশন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সংস্থাটি।