বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে মোট ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাশাপাশি দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার একদিনেই দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে মোট ৫৫২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ৪৮৩ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহের হিসাবেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ দশমিক ২২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।এর আগের অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৮ দশমিক ১৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩ দশমিক ৩০ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ার পাশাপাশি প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের চাপ সামাল দেওয়া এবং রিজার্ভের অবস্থান ধরে রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।