দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি হলমার্ক করা স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুসের সংশ্লিষ্ট কমিটির সভায় শনিবার নতুন মূল্য নির্ধারণ করা হয় এবং ওই দিন সকাল ১০টা থেকেই তা কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের বাজারদর বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।