প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কিউক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে নেটওয়ার্কটির আওতাধীন ৩০টি ব্যাংকের কিছু প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এ সীমাবদ্ধতা শুরু হয়েছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সেবা বিঘ্নিত হতে পারে। তবে মাইগ্রেশন কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে।
এই সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ডভিত্তিক লেনদেনে সমস্যা হতে পারে। তবে সব ব্যাংকের সব ধরনের সেবা একসঙ্গে বন্ধ থাকবে না।বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণেই এই সাময়িক বিঘ্ন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে।
তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত না করায় কেন্দ্রীয় ব্যাংকের অসন্তোষের বিষয়টিও সামনে এসেছে।
যেসব ব্যাংকের সেবায় প্রভাব পড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সাময়িক সেবা সীমিত থাকার তথ্য জানানো হয়েছে। জরুরি লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।তবে কিছু ক্ষেত্রে ডেবিট কার্ড লেনদেন চালু থাকতে পারে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার লেনদেন স্বাভাবিক থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
ব্যাংক কর্মকর্তাদের মতে, প্রযুক্তিগত অবকাঠামো আপগ্রেড বা সিস্টেম মাইগ্রেশনের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ থাকা অস্বাভাবিক নয়। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা সীমিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা কিউআর লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে যাদের জরুরি লেনদেন প্রয়োজন, তাদের বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




