নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে।মাউশির এইচআরএম ইউনিট সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি দিয়েছে। এতে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক প্রয়োজনীয় তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য যুক্ত করার কাজ চলছে।এ ছাড়া জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের অফিসগুলোর পূর্ণাঙ্গ জনবল তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।

এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য যুক্ত করার ক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ সংশ্লিষ্ট নথি পাঠাতে বলা হয়েছে।নির্ধারিত ছকে কার্যালয়ের নাম, পদের বাংলা ও ইংরেজি নাম, ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও প্রয়োজনীয় মন্তব্য দিতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে তথ্য অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে হবে। সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ফাইল হিসেবে নির্ধারিত ই-মেইলে পাঠানোর পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দিতে বলা হয়েছে।