সরকারের তারল্য ব্যবস্থাপনা ও ঋণ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগে ট্রেজারি বন্ড পুনঃক্রয় (বাইব্যাক) করেছে সরকার। বৃহস্পতিবার দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার ট্রেজারি বন্ড পুনঃক্রয় করা হয়।
অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ বাইব্যাক নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৫৬টি আগ্রহপত্রের মাধ্যমে মোট ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার আবেদন জমা পড়ে। এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার আবেদন গ্রহণ করা হয়।
বন্ডের মেয়াদ শেষ হওয়ার আগে বিনিয়োগকারীদের কাছ থেকে তা পুনরায় কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়। অর্থ মন্ত্রণালয় বলছে, এর মাধ্যমে সরকারি ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম হবে, পুনঃঅর্থায়ন ঝুঁকি কমবে এবং ভবিষ্যৎ অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলাম এবারই প্রথম। এ উদ্যোগের ফলে সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন ও বাজারভিত্তিক পদ্ধতি যুক্ত হলো। বাজার পরিস্থিতি, তারল্য ও বিনিয়োগকারীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বাইব্যাক নিলাম আয়োজন করা হতে পারে।




