বন্ধ এসক্যালেটর, নিস্তব্ধ করিডোর, বন্ধ দোকানের শাটার—শান্তিনগর-কাকরাইল মোড়ের কর্ণফুলী গার্ডেন সিটির বর্তমান চিত্র এখন এমনই। একসময় রাজধানীর অভিজাত বিপণিবিতান হিসেবে পরিচিত এই শপিং কমপ্লেক্সটি ব্যবসায়িক মন্দা ও ধারাবাহিক লোকসানের কারণে গত ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে।
১৯৯৮ সালে যাত্রা শুরু করা মার্কেটটিতে একসময় ১৯৮টি দোকান ছিল। পোশাক, জুতা, প্রসাধনী, উপহারসামগ্রী ও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের পাশাপাশি চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট ও বাগান। কিন্তু সময়ের সঙ্গে ক্রেতা কমেছে, ব্যবসায়ীরা দোকান গুটিয়েছেন। বন্ধের আগে ভেতরে চালু ছিল মাত্র ১৭টি দোকান। বাইরে থাকা দোকান ও খাবারের প্রতিষ্ঠান মিলিয়ে সংখ্যাটি ছিল ২৫।
মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, প্রায় এক দশক ধরে ধাপে ধাপে অবনতি হয়েছে। ফ্লাইওভার নির্মাণের সময় সড়কে চলাচলের অসুবিধায় ক্রেতাদের উপস্থিতি কমে যায়। অনেক ব্যবসায়ী অন্য এলাকায় চলে গিয়ে আর ফেরেননি। করোনা মহামারির ক্ষতি, অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা এবং বড় বিপণিবিতানের সঙ্গে প্রতিযোগিতাও পরিস্থিতিকে জটিল করেছে। কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে পণ্যের উৎস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ক্রেতাদের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
লোকসানের চিত্রও ছিল উদ্বেগজনক। মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদকের ভাষ্য অনুযায়ী, মাসে ব্যয় হতো ১৫ লাখ টাকার বেশি, অথচ সার্ভিস চার্জ থেকে আয় ছিল সর্বোচ্চ দেড় লাখ টাকা। বিদ্যুৎ বিল বকেয়া পড়ে প্রায় ৫০ লাখ টাকা। দীর্ঘদিন ধারদেনা করে কার্যক্রম চালানোর পর মালিকেরা সম্মিলিতভাবে মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেন। ভবনটির পরবর্তী ব্যবহার নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তবে কর্ণফুলী গার্ডেন সিটির গল্প শুধু ব্যবসার হিসাব দিয়ে শেষ হয় না। বহু ক্রেতার কাছে এটি ছিল পরিবারের কেনাকাটার পরিচিত জায়গা। আমার নিজেরও এই মার্কেটকে ঘিরে রয়েছে অনেক স্মৃতি। বাসা কাছে হওয়ায় নিয়মিত যাওয়া হতো। মেয়ের জন্মদিন ও ঈদের পোশাক থেকে শুরু করে নিজের স্যুট ও প্রসাধনী—অনেক কেনাকাটাই হয়েছে এখানে। মেয়ের প্রথম জন্মদিনের পোশাকটি কেনার স্মৃতিও জড়িয়ে আছে এই মার্কেটের সঙ্গে।
একটি মার্কেটের পতনের আড়ালে থাকে দোকানমালিক, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অনিশ্চয়তা। যাদের জীবিকা এই বিপণিবিতানকে ঘিরে ছিল, তাদের অনেকেরই এখন নতুন করে দাঁড়ানোর চ্যালেঞ্জ। শহরের বাণিজ্যিক মানচিত্র বদলায়, নতুন বাজার গড়ে ওঠে; কিন্তু পুরোনো জায়গার সঙ্গে মানুষের যে সম্পর্ক তৈরি হয়, তা সহজে মুছে যায় না। কর্ণফুলী গার্ডেন সিটির বন্ধ করিডোরে তাই থেমে আছে শুধু কেনাকাটার কোলাহল নয়, বহু মানুষের জীবনের এক টুকরো সময়ও।




