দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সক্ষমতা তুলে ধরতে আগামী ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬। ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ ও টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) যৌথভাবে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজন করছে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকেরা প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমায়েল মোহাম্মদ মল্লিক ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের, বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল হামিদ এবং টিআইইর চেয়ারম্যান এহসানুল করিম কায়সারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে মো. এনায়েত হোসেন বলেন, দেশের শিল্প খাতে প্রায় ১৫ হাজার প্রকৌশলী কাজ করছেন। তাদের মধ্যে পাঁচ হাজারের বেশি আইটিইটির সদস্য। বস্ত্র খাতের প্রকৌশলীদের শিল্পের বিভিন্ন পর্যায়ে উদ্ভাবন বাস্তবায়নে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ৫০টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম কারখানা এবং প্রযুক্তি ও সমাধান প্রদানকারী ২০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রদর্শনীতে দেওয়া হবে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬। কারখানাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি উদ্বোধন করার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের।