দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজের বাস্তব সক্ষমতা যাচাই করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার ওপর জোর দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, জরুরি মুহূর্তে নগরবাসীর জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব নির্ধারণের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও প্রয়োজনীয় সক্ষমতা থাকাও নিশ্চিত করা জরুরি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দক্ষিণ সিটির অনেক এলাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক বিস্ফোরণ এবং ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এসব বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তরুণদের সম্পৃক্ত করার কথাও বলেন।
পুরান ঢাকার মৌলভীবাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রশাসক বলেন, সরু সড়ক, পানির অভাব এবং দোকান ও হকারদের অবস্থানের কারণে সেখানে আগুন নেভানোর গাড়ি পৌঁছাতে দেরি হয়েছিল। এমন পরিস্থিতি মোকাবিলায় বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন নিশ্চিত করতে হবে।
নগরীর ঝুলন্ত ক্যাবল ও বিদ্যুতের তার ভূগর্ভস্থ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে ধোলাইখালসহ বিভিন্ন পুকুর ও জলাধার সংরক্ষণের আহ্বান জানান।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সঞ্চালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে দুর্যোগের আগাম প্রস্তুতি, জরুরি উদ্ধার তৎপরতা এবং পরবর্তী ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্থার দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।