ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের একটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। এতে গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল বলেন, দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। গাড়িতে থাকা অবস্থায় তার মাথায় আঘাত লেগেছে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।