রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকে পল্লবী থানার ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছে চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার দ্য ডেইলি স্টারকে বলেন, চেকপোস্টে মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে।
তিনি জানান, আটক মশিউলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।