রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 
 এদিকে পৃথক অভিযানে গত সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছে।  
বাসে আগুন 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে তারা জানা যায়নি। 
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন। 
 তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়। 
অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।  
যাত্রাবাড়ীতে জবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদপুরে তিন নেতা গ্রেপ্তার 
 রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন , মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।
এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।