ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর দুই দফা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদ সিকদারকে রাজধানীর গেন্ডারিয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। শনিবার রাতে গেন্ডারিয়ায় তার আত্মীয় জাহাঙ্গীর বেগের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৩ জানায়, রাজাপুর থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাজাপুর থানা পুলিশের একটি দল তাকে ঝালকাঠিতে নিয়ে যায়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হনুফা বেগমের পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক গালুয়া দুর্গাপুর গ্রামে হনুফা বেগমের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে হনুফা বেগম ও তার ছেলে মেহেদী হাসান গুরুতর আহত হন। এ সময় ঘরের আসবাব ও অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলার খবর পেয়ে হনুফা বেগমের স্বামী আইয়ুব আলী শরীফ ও ছোট ছেলে আরিফ বাড়িতে ফেরার পথে দ্বিতীয় দফায় হামলার শিকার হন। এতে আইয়ুব আলী শরীফের মাথায় গুরুতর আঘাত লাগে এবং আরিফের পায়ে জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত মেহেদী হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসআরবি-৩-এর তথ্য অনুযায়ী, ওই ঘটনায় একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।