মাদক কারবারের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ লেনদেন ও সম্পদের উৎস শনাক্তে অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির চারটি মামলার অভিযোগপত্রে প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্ট সরকারি নথি অনুযায়ী, চার মামলায় মোট ১০০ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৪০০ টাকার আর্থিক লেনদেন ও সম্পদের হিসাব উল্লেখ করা হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়। অভিযোগপত্র জমা হওয়ায় বর্তমানে সেগুলো বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।
তবে অভিযোগপত্রে উল্লেখ করা অর্থের পুরোটাই উদ্ধার বা জব্দ করা হয়েছে, এমন নয়। এগুলো সন্দেহজনক লেনদেন ও সম্পদের হিসাব। এসব অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় আদালতের বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।
ডিএনসির অর্থপাচারবিরোধী কার্যক্রমের আওতায় মোট ৩৬টি মামলা ও প্রাথমিক অনুসন্ধানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি মামলা তদন্তাধীন এবং ২৭টি প্রাথমিক অনুসন্ধান পর্যায়ে রয়েছে। বাকি চারটি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। মামলাগুলো করা হয়েছে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে। আইনটি ২০১৫ সালে সংশোধন করা হয়।
অভিযোগপত্রে অন্তর্ভুক্ত চারটি মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের ১১ জুন চট্টগ্রামের হালিশহর থানায় করা ১২ নম্বর মামলা, ২০১৯ সালের ১ মে পাহাড়তলী থানায় করা ৩ নম্বর মামলা, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার ওয়ারী থানায় করা ৭ নম্বর মামলা এবং ২০২৩ সালের ১ মার্চ রংপুরের তাজহাট থানায় করা ৪ নম্বর মামলা।
এদিকে, অর্থপাচারের অভিযোগে আরও পাঁচটি মামলা তদন্ত করছে ডিএনসি। এর মধ্যে চারটি মামলা দায়ের করা হয়েছে ২০২৬ সালে। এসব কার্যক্রমের মাধ্যমে মাদক সংশ্লিষ্ট অপরাধের আর্থিক নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে সংস্থাটি।



